দারুননাজাত মাদ্রাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

দারুননাজাত মাদ্রাসা

রাজধানীর ডেমরা শাখার দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (১৩ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলো- ঐ মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রেদোয়ান হোসেন, মোদাব্বির রহমান, মো. সাফি, মো. উজাইফা ও মো. রোমান।

মাদ্রাসাটির শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, দারুননাজাত মাদ্রাসার আবাসিক (তাখসীসি) শাখার অষ্টম তলা ভবনের ছয় তলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন ধরে যায়। এতে যেখানে বোর্ড রয়েছে, সেখানে দেওয়ালের কিছু অংশ পুড়ে গেছে। ফ্যান খুলে পড়লে পাঁচ শিক্ষার্থী আহত হয়।

দারুননাজাতে তুষপুরী হুজুর নামে পরিচিত তাখসীসি শাখার উপাধ্যক্ষ মুহাম্মদ মাকছুদুল হক বলেছেন, ভবনের ষষ্ঠ তলায় থাকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা। তাদের পরীক্ষা ছিল আজ (সোমবার)। পরীক্ষা শেষে দুপুরের খাবার খেয়ে ঘুমানোর পর বিকেল ৩টা ২০ মিনিটের দিকে বৈদ্যুতিক গোলযোগে বিস্ফোরণ হয়। এ সময় একটি ফ্যান পড়ে শিক্ষার্থীরা আহত হলে তাদের হাসপাতালে নেওয়া হয়। ওই ভবনের শিক্ষার্থীদের অন্য ভবনে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ঘটনার পর এখানে পুলিশ ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কর্মকর্তারা এসেছেন। পুলিশ তদন্ত করেছে। এছাড়া ডিপিডিসি থেকে জানানো হয়েছে, এই ভবনটির পাশ দিয়ে জাতীয় গ্রিডের বিদ্যুৎ লাইন নেওয়া হয়েছে। টানা বৃষ্টিতে সেই লাইনের সঙ্গে পুরো ভবনেরে আর্থিং হয়ে এই দুর্ঘটনা ঘটেছে। আহদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলেও জানান মাকছুদুল হক।

ডেমরা থানার ওসি তাইফুর রহমান বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণ হয়েছে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শিক্ষার্থীদের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে রেদোয়ানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।